চীনে চলমান অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে ভারতের বিপক্ষে অবিশ্বাস্য জয় পেয়েছে আফ্রিকার দেশ বেনিন। মঙ্গলবার সুজৌতে অনুষ্ঠিত ৮০ মিনিটের ম্যাচে ভারতকে ২৭-০ গোলে হারিয়েছে দলটি। ম্যাচজুড়ে বেনিনের আক্রমণের সামনে কার্যত অসহায় হয়ে পড়ে ভারতীয় যুবারা।
বেনিনের হয়ে জন ইথান হুন্তিনমে, ফ্রাঁসোয়া আদিসা ও ওসভালদো সেমেভো লোকো চারটি করে গোল করেন। এ ছাড়া ইজুদিন বুকারি করেন হ্যাটট্রিক। ভারতের দুটি আত্মঘাতী গোলও ব্যবধান বাড়িয়ে দেয়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেনিন। অন্যদিকে, প্রতিপক্ষের আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয় ভারতীয় দলকে। শেষ পর্যন্ত ২৭ গোল হজম করে বড় ব্যবধানে পরাজিত হয় তারা।
চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে রয়েছে বেনিন। নিজেদের প্রথম ম্যাচে কাতারকে ৭-০ গোলে হারিয়েছিল দলটি। এবার ভারতের বিপক্ষে ২৭ গোল করে দুই ম্যাচে তাদের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৪। বিপরীতে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি তারা।
টানা দুই জয়ে ‘বি’ গ্রুপ থেকে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে বেনিন।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ চীনের দ্বিতীয় দলের মুখোমুখি হবে বেনিন। দুই দলই প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় এই ম্যাচের ফলের ওপর নির্ভর করছে গ্রুপসেরা নির্ধারণ।
বেনিনের সামনে এখন লক্ষ্য গ্রুপ পর্বের দুর্দান্ত ছন্দ ধরে রেখে পরের রাউন্ডে এগিয়ে যাওয়া। অন্যদিকে, ভারতের জন্য ২৭ গোলের এই হার টুর্নামেন্টের অন্যতম বড় ধাক্কা হয়ে থাকল।
মন্তব্য করুন