তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি অপরাধীদের শনাক্ত করে গোপনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসন আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, একটি থানায় কর্মরত সীমিতসংখ্যক পুলিশ সদস্য দিয়ে এককভাবে পুরো এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় বাড়াতে সমন্বয় কমিটি গঠন করতে হবে।
তিনি বলেন, একটি নিষিদ্ধ দলের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও তৎপর থাকতে হবে।
মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে উল্লেখ করে তিনি মাদক কারবারিদের তালিকা অনুযায়ী বাড়ি বাড়ি অভিযান পরিচালনার নির্দেশ দেন।
তিনি আরো বলেন, ইয়াবা উদ্ধার, মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তিনি পুলিশ কর্মকর্তাদের বলেন, কোনো অবস্থাতেই মিথ্যা মামলা নেওয়া যাবে না। আইন প্রয়োগের ক্ষেত্রে নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
এদিকে, আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী। এ সময় তিনি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানোর মাধ্যমে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্ব দেন।