ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রের অসাধারণ অবদানকে চিরস্মরণীয় করে রাখতে তার শৈশবের ক্লাব সান্তোস এক অনন্য উদ্যোগ নিয়েছে। ক্লাবের ঐতিহাসিক স্টেডিয়াম ভিলা বেলমিরোর ‘মেমোরিয়াল দাস কনকুইস্তাস’-এ নেইমারের একটি আবক্ষ ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। সান্তোসের জার্সিতে এবং জাতীয় দলের হয়ে তার গৌরবোজ্জ্বল সাফল্যকে স্বীকৃতি দিতেই ক্লাব কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
এমন এক সম্মান পেয়ে নেইমার অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, ‘আজ সত্যিই চমকে গেছি। নিজের শৈশবের ভালোবাসার ক্লাব থেকে এমন সম্মান পাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সান্তোসের গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ হতে পারা আমার জন্য পরম সম্মানের।’ তিনি তার সাফল্যের জন্য মহান সৃষ্টিকর্তা, পরিবার এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমর্থকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সান্তোস পরিবারের সমর্থকরা অ্যাকাডেমি জীবনের শুরু থেকেই তার ওপর অগাধ বিশ্বাস রেখেছেন, যা তাকে আজকের অবস্থানে আসতে সাহায্য করেছে।
নেইমার আরও উল্লেখ করেন যে, তিনি সবসময়ই একজন একনিষ্ঠ সমর্থকের মতো মাঠে ক্লাবের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। ভাস্কর্যটির বেদিতে তার অর্জিত সকল গুরুত্বপূর্ণ শিরোপাগুলোর তালিকা খোদাই করা হয়েছে, যার মধ্যে ২০১০ থেকে ২০১২ সালের পলিস্তা চ্যাম্পিয়নশিপ, কোপা দো ব্রাজিল এবং ঐতিহাসিক কোপা লিবার্তাদোরেস শিরোপা অন্যতম।
সান্তোসের জার্সিতে নেইমারের রেকর্ড অত্যন্ত ঈর্ষণীয়। ক্লাবটির হয়ে ২৭৭টি ম্যাচে অংশ নিয়ে তিনি ১৫৮টি গোল করেছেন, যা তাকে ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় নবম স্থানে জায়গা করে দিয়েছে।