অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

বড় অর্থনৈতিক ঝুঁকিতে বিশ্ব, সতর্ক করল আইএমএফ

বিশ্ব অর্থনীতি নতুন ধাক্কা সামাল দেওয়ার সক্ষমতার সীমার কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা, জরুরি তেলের মজুত কমে যাওয়া এবং বিভিন্ন দেশের সরকারি ঋণ ও বাজেট ঘাটতি বেড়ে যাওয়ায় ভবিষ্যতে অর্থনৈতিক সংকট মোকাবিলা কঠিন হতে পারে বলে মনে করছে সংস্থাটি।

আইএমএফের মতে, গত ছয় মাসে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব বিশ্ব অর্থনীতিতে আশঙ্কার তুলনায় কম পড়েছে। হরমুজ প্রণালি এড়িয়ে বিকল্প পথে তেল সরবরাহ এবং কৌশলগত মজুত থেকে জ্বালানি বাজারে ছাড়ার কারণে তেলের দাম বৃদ্ধির চাপ কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। তবে জরুরি মজুত কমে আসা এবং সরকারের আর্থিক সক্ষমতা সীমিত হয়ে পড়ায় নতুন ধাক্কা এলে পরিস্থিতি জটিল হতে পারে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ব্যাংককে প্রকাশিত আইএমএফের সর্বশেষ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে এসব ঝুঁকির কথা তুলে ধরা হয়। থাইল্যান্ডের রাজধানীতে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে বিভিন্ন দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের অংশ নেওয়ার কথা রয়েছে।

জ্বালানি সরবরাহ ও অর্থনৈতিক সক্ষমতা নিয়ে উদ্বেগ

আইএমএফের প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, জ্বালানি সরবরাহের সক্ষমতা বাড়ানো এবং অর্থনৈতিক সংকট মোকাবিলার নীতিগত সুরক্ষাব্যবস্থা পুনর্গঠন করা না হলে বিশ্ব অর্থনীতির সহনশীলতা কঠিন পরীক্ষার মুখে পড়তে পারে।

সংস্থাটির আশঙ্কা, জ্বালানির মজুত কমে যাওয়ার মধ্যে নতুন কোনো ভূরাজনৈতিক সংকট তৈরি হলে তেলের দাম দ্রুত বাড়তে পারে। একই সঙ্গে সরবরাহব্যবস্থায় বিঘ্ন দেখা দিলে পরিবহন, উৎপাদন ও ভোগব্যয় বাড়বে। এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হওয়ার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাধাগ্রস্ত হতে পারে।

কমছে জরুরি তেলের মজুত

চলতি বছরের মার্চে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জরুরি মজুত থেকে বিপুল পরিমাণ তেল বাজারে ছাড়ার ঘোষণা দেয়। গত মাসে জ্বালানিমন্ত্রীদের বৈঠকের পর এই সরবরাহ আরও দ্রুত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়।

তবে জরুরি মজুতের ওপর ক্রমবর্ধমান চাপ বিশ্ব জ্বালানি বাজারের দুর্বলতা সামনে এনেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম মজুত ১৯৮২ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার খবর প্রকাশিত হয়েছে।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সমঝোতার আওতায় যুক্তরাষ্ট্রে রাশিয়ার ডিজেল আমদানির ওপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। জ্বালানির খুচরা মূল্য কমানোর উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হলেও বিশ্লেষকদের মতে, এতে দামে উল্লেখযোগ্য পরিবর্তন নাও আসতে পারে।

২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩.১ শতাংশের পূর্বাভাস

অর্থনৈতিক ঝুঁকির বিষয়ে সতর্ক করলেও ২০২৬ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস সামান্য বাড়িয়েছে আইএমএফ। সংস্থাটির নতুন হিসাব অনুযায়ী, চলতি বছর বিশ্ব অর্থনীতি ৩ দশমিক ১ শতাংশ হারে বাড়তে পারে। এর আগে জুলাইয়ের পূর্বাভাসে প্রবৃদ্ধির হার ৩ শতাংশ ধরা হয়েছিল।

২০২৭ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ দশমিক ৪ শতাংশে অপরিবর্তিত রেখেছে সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের অর্থনীতি ২০২৬ সালে ২ দশমিক ৩ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ২০২৭ সালের জন্যও একই প্রবৃদ্ধির হার ধরা হয়েছে, যা আগের ২ দশমিক ২ শতাংশের পূর্বাভাসের চেয়ে বেশি।

যুক্তরাজ্যের ক্ষেত্রে ২০২৬ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ১ দশমিক ৩ শতাংশ করা হয়েছে। তবে ২০২৭ সালে দেশটির প্রবৃদ্ধি কমে ১ দশমিক ২ শতাংশে দাঁড়াতে পারে বলে ধারণা করছে আইএমএফ। দীর্ঘ সময় ধরে তেলের দাম বেশি থাকা এবং সুদের হার বৃদ্ধির কারণে ভোগ ও বিনিয়োগ কমে যাওয়াকে এর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

মূল্যস্ফীতির চাপ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা

জ্বালানির দাম উচ্চ পর্যায়ে থাকায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপ দীর্ঘস্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে আইএমএফ।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ৪ দশমিক ৭ শতাংশে থাকতে পারে। ২০২৭ সালে তা কমে ৪ দশমিক ১ শতাংশে নামতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ব্যাংককে প্রতিবেদন প্রকাশের অনুষ্ঠানে আইএমএফের অর্থনৈতিক উপদেষ্টা সিলভানা তেনরেইরো বলেন, বিশ্ব অর্থনীতি এখন পর্যন্ত বিভিন্ন ধাক্কা সামাল দেওয়ার সক্ষমতা দেখিয়েছে। তবে সেই সক্ষমতা সীমার কাছাকাছি পৌঁছাচ্ছে। তাই নীতিনির্ধারকদের শুধু তাৎক্ষণিক সংকট মোকাবিলা নয়, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সুরক্ষাব্যবস্থা পুনর্গঠনেও মনোযোগ দিতে হবে।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভাও বাড়তে থাকা সরকারি ঋণের চাপের মধ্যে ব্যয় নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ নিতে সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যের সংঘাত ও এআই বাজারে ধসের ঝুঁকি

আইএমএফের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হওয়া বা আরও তীব্র হয়ে ওঠা বিশ্ব অর্থনীতির জন্য বড় ঝুঁকি। এ পরিস্থিতিতে জ্বালানি ও খাদ্যের দাম বাড়তে পারে। জ্বালানি অবকাঠামোয় হামলা, সাইবার আক্রমণ এবং চরম আবহাওয়াজনিত ঘটনাও অর্থনৈতিক চাপ বাড়াতে পারে।

ইরানের বিরুদ্ধে আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন হামলার সম্ভাবনার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে আসছেন। অন্যদিকে, সংঘাতের অবসানে শান্তিচুক্তি নিয়ে আলোচনা এগোনোর স্পষ্ট লক্ষণ নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকেন্দ্রিক বিনিয়োগ ঘিরে আর্থিক বাজারে বড় ধরনের দরপতনের আশঙ্কাও তুলে ধরেছে আইএমএফ। এআই খাতে প্রত্যাশিত মুনাফা না এলে বিনিয়োগকারীদের আস্থা কমে গিয়ে বাজারে অস্থিরতা তৈরি হতে পারে।

সংকট মোকাবিলায় আগাম প্রস্তুতির পরামর্শ

আইএমএফ কেন্দ্রীয় ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে, স্বল্পমেয়াদে মূল্যস্ফীতি বাড়লেই যেন অতিরিক্ত কঠোর নীতিগত পদক্ষেপ নেওয়া না হয়। তবে মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হওয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রাখতে হবে।

সংস্থাটির মতে, বিশ্ব অর্থনীতির পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই নতুন সংকট মোকাবিলায় নীতিনির্ধারকদের নমনীয়তা, সতর্কতা এবং আগাম প্রস্তুতি বাড়ানো জরুরি।

সূত্র: দ্য গার্ডিয়ান, আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর ১২০ স্থানে বসছে এআই সিগন্যাল ও ক্যামেরা

1

সংকট মোকাবেলায় ১০০ কোটি লিটার জ্বালানি মজুত করবে অস্ট্রেলিয়া

2

এভারেস্টে অতিরিক্ত ভিড়, ২ ভারতীয় পর্বতারোহীর মৃত্যু

3

মে মাসের ১৭ দিনে রেমিট্যান্স এলো ২১৮ কোটি ডলার

4

বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

5

ট্রাম্পের পর চীন সফরে যাচ্ছেন পুতিন

6

ইতালিতে মধুচন্দ্রিমায় দুয়া লিপা-ক্যালাম টার্নার

7

দেশে হামে আক্রান্ত ছাড়াল ৫০ হাজার

8

এক বছরের মহাকাশ মিশনে নভোচারী পাঠাল চীন

9

কেইনকে কালো জাদু করতে ওঝা আনল ঘানা

10

চীনের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘

11

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ১৪

12

পাঁচ ম্যাচে জয়হীন কলকাতা

13

মেসির জোড়া গোলে মায়ামির জয়

14

মেসির সঙ্গে ভাইরাল হওয়া বাকবিতণ্ডা নিয়ে মুখ খুললেন বেলিংহ্য

15

সৌদির বিপক্ষে ১-১ সমতায় ম্যাচ শেষ করতে হয়েছে উরুগুয়ের

16

জুলাই শহীদ তালিকায় কারসাজির অভিযোগ

17

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না করায় ৩ বছরের সন্তানকে

18

ট্রলি ব্যাগ কেনার আগে যেসব বিষয় অবশ্যই দেখে নেবেন

19

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৫.৩ মাত্রার ভূমিকম্প

20