দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুগোমপো শহরের একটি সৈকতে সাঁতার কাটার সময় হাঙরের আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এসএবিসির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, হাঙরের আক্রমণের সময় ওই নারী সৈকতে অন্য সাঁতারুদের সঙ্গে ছিলেন। ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পরিদর্শন করছে এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনাস্থলের সৈকত এবং কাছাকাছি ইস্টার্ন বিচ বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি আশপাশের অন্যান্য সৈকতেও সতর্কতা জারির উদ্যোগ নেওয়া হয়েছে। জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
কুগোমপো শহরকে কেন্দ্র করে গড়ে ওঠা বাফেলো মিউনিসিপ্যালিটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হাঙরের আক্রমণে নারীর মৃত্যুর ঘটনাকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেছে।
ঘটনার পর সৈকতগুলোতে নিরাপত্তাব্যবস্থা ও সতর্কতা জোরদার করা হয়েছে, যাতে পর্যটক ও স্থানীয় বাসিন্দারা ঝুঁকি এড়িয়ে চলতে পারেন।
মন্তব্য করুন