নিজেদের উদ্যোগে ব্যবসা শুরু করে উদ্যোক্তা হতে চান দেশের আট জেলার সাড়ে ১৮ হাজারের বেশি তরুণ। বাংলাদেশ ব্যাংকের গঠিত জামানতবিহীন অর্থায়ন তহবিল থেকে সুবিধা পেতে তাঁরা বিভিন্ন ব্যাংকে আবেদন করেছেন। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ৫০০ কোটি টাকার এই তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ নামে ‘উদ্যোগ’ প্রকল্প চালু করা হয়েছে।
প্রকল্পটির আওতায় পরীক্ষামূলকভাবে দেশের আট বিভাগের আটটি জেলায় গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। জেলাগুলো হলো নেত্রকোনা, রংপুর, নওগাঁ, ঝিনাইদহ, হবিগঞ্জ, ভোলা, মানিকগঞ্জ ও ফেনী। আবেদনসংখ্যায় শীর্ষে রয়েছে নেত্রকোনা। জেলাটি থেকে ৫ হাজার ৩৫১ জন তরুণ অর্থায়নের জন্য আবেদন করেছেন। দ্বিতীয় অবস্থানে থাকা রংপুরে আবেদন জমা পড়েছে ২ হাজার ৭৪৫টি।
এ ছাড়া নওগাঁ থেকে ২ হাজার ৪৫৬ জন, ঝিনাইদহ থেকে ২ হাজার ১৯১ জন, হবিগঞ্জ থেকে ১ হাজার ৫৫২ জন, ভোলা থেকে ১ হাজার ৫৪৫ জন, মানিকগঞ্জ থেকে ১ হাজার ৩৪৩ জন এবং ফেনী থেকে ১ হাজার ২৬১ জন তরুণ আবেদন করেছেন। পরীক্ষামূলকভাবে আবেদন গ্রহণের পর এসব জেলার তরুণদের মধ্যে কর্মসূচিটি নিয়ে উল্লেখযোগ্য আগ্রহ দেখা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আট জেলার আবেদন কার্যক্রমে সাড়া পাওয়ার পর এবার দেশের অন্যান্য জেলার তরুণদেরও এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে। এ উদ্যোগের অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে নির্বাচিত আট জেলার বাইরে অন্যান্য জেলার আগ্রহী তরুণেরা ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকসংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, দেশের মোট ৫০৩টি উপজেলার ৫ হাজার ৩০ জন তরুণ উদ্যোক্তাকে এই তহবিল থেকে অর্থায়নের পরিকল্পনা রয়েছে। আগ্রহী প্রার্থীরা নিজ নিজ উপজেলার যেকোনো ব্যাংক শাখায় আবেদন জমা দিতে পারবেন। মোট ৫০০ কোটি টাকার তহবিলের অর্ধেক, অর্থাৎ ২৫০ কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক। বাকি ২৫০ কোটি টাকা সরবরাহ করবে অংশগ্রহণকারী বাণিজ্যিক ব্যাংকগুলো।
এই কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা ১০ লাখ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পেতে পারেন। অর্থায়নের একটি অংশ অনুদান হিসেবে এবং অবশিষ্ট অংশ ৪ থেকে ৭ শতাংশ সুদে ঋণ হিসেবে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে নতুন ব্যবসা গড়ে তোলা এবং তরুণদের স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করাই কর্মসূচিটির অন্যতম লক্ষ্য।
তবে তহবিল থেকে অর্থায়ন পেতে আবেদনকারীদের নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের শর্ত অনুযায়ী, আবেদনের শেষ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া তরুণেরা এ সুবিধার জন্য আবেদন করতে পারবেন না। একইভাবে ঋণখেলাপি ব্যক্তি এবং সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীরাও এ অর্থায়নের আওতাভুক্ত হবেন না।
কৃষিভিত্তিক শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, হালকা প্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানি খাতে কাজ করতে আগ্রহী তরুণ উদ্যোক্তারা এ কর্মসূচির আওতায় আসতে পারবেন। পাশাপাশি ই-কমার্স, ফিনটেক, এডটেক, অ্যাগ্রিটেক ও হেলথটেকের মতো প্রযুক্তিনির্ভর স্টার্টআপ এবং আয় করা সম্ভব এমন বৈধ উদ্যোগেও অর্থায়নের সুযোগ রাখা হয়েছে।
জামানতবিহীন অর্থায়নের এ কর্মসূচির মাধ্যমে নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরুর প্রাথমিক পুঁজি জোগাড়ের সুযোগ তৈরি হতে পারে। তবে আবেদনকারীকে অর্থায়ন পাওয়ার আগে নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে।
মন্তব্য করুন