নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শুক্রবার (১৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)।
আইসিসির এই স্বীকৃতির ফলে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নেপাল প্রিমিয়ার লিগের পরিচিতি ও গ্রহণযোগ্যতা বাড়বে বলে আশা করছে আয়োজক সংস্থা। একই সঙ্গে টুর্নামেন্টটিতে বিশ্বের খ্যাতনামা ক্রিকেটারদের অংশগ্রহণের সুযোগও সম্প্রসারিত হতে পারে।
সিএএনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইসিসির আনুষ্ঠানিক অনুমোদন নেপালের ঘরোয়া ক্রিকেটের বিকাশ ও বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে লিগটির পরিচিতি বাড়াতেও এটি সহায়ক হবে। এনপিএলকে আরও বড় পরিসরে এগিয়ে নিতে সহযোগিতা ও অংশীদারত্বের জন্য আইসিসির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সংস্থাটি।
এবারের আসরটির বাড়তি আকর্ষণ বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এনপিএলের তৃতীয় সংস্করণে তিনি পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে মাঠে নামবেন। গত দুই বছর আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে তুলনামূলকভাবে অনিয়মিত থাকলেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলা চালিয়ে যাচ্ছেন এই বাঁহাতি অলরাউন্ডার।
সূচি অনুযায়ী, আট দলের অংশগ্রহণে আগামী ২৬ অক্টোবর শুরু হবে এনপিএলের এবারের আসর। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর।
এর আগে ২০২৪ সালে অনুষ্ঠিত এনপিএলের প্রথম আসরে শিরোপা জিতেছিল জনকপুর বোল্টস। পরের বছর, অর্থাৎ ২০২৫ সালের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয় লুম্বিনি লায়নস। এবার আইসিসির স্বীকৃতি নিয়ে তৃতীয় আসর আয়োজন করতে যাচ্ছে নেপাল প্রিমিয়ার লিগ।
মন্তব্য করুন