মাগুরার শিশু আছিয়া এবং রাজধানীর পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল দ্রুত শুনানির জন্য হাইকোর্টে আবেদন করেছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। রোববার হাইকোর্টের পৃথক বেঞ্চে তিনি এই আবেদন জানান।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং কে এম রাশেদুজ্জামান রাজা-র সমন্বয়ে গঠিত বিশেষ হাইকোর্ট বেঞ্চে অ্যাটর্নি জেনারেল বলেন, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত ডেথ রেফারেন্স ও আপিল মামলাগুলোর শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে কোনো ধরনের সময় প্রার্থনা বা মুলতবি চাওয়া হবে না।
তিনি আদালতকে জানান, শিশু নির্যাতন ও হত্যা সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির স্বার্থে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ সহযোগিতা করবে। বিশেষ করে আলোচিত এসব মামলার বিচারিক প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
এদিকে রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা এবং স্বপ্না আক্তার-এর করা জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি মোহাম্মদ আলী এবং মো. সাইফুল ইসলাম-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ সংক্রান্ত আদেশ দেন। কারা কর্তৃপক্ষের মাধ্যমে দাখিল করা আপিল শুনানির জন্য গ্রহণ করার পাশাপাশি পরবর্তী বিচারিক প্রক্রিয়ার পথও উন্মুক্ত হয়।
শুনানিকালে অ্যাটর্নি জেনারেল আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, মামলাটির ডেথ রেফারেন্স ও আপিল দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পেপার বুক প্রস্তুতের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। আদালতও বিষয়টি আমলে নিয়ে আদেশের কপি সংশ্লিষ্ট শাখায় দ্রুত পাঠানোর নির্দেশনা দেয়।
আইনজীবীরা মনে করছেন, আলোচিত এসব শিশু ধর্ষণ ও হত্যা মামলার শুনানি অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়ার উদ্যোগ বিচারপ্রার্থী পরিবারগুলোর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন মামলার বিচার দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রেও এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
মন্তব্য করুন