সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি বক্তব্যের পর আলোচনায় আসা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে।
গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ বদলি ও পদায়নের কথা জানানো হয়। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে নেওয়া এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় ঢাকায় থাকা একই পদের কর্মকর্তা শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
মাসুদ আলম মূলত আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি বক্তব্যের কারণে ব্যাপক পরিচিতি পান। এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের তাকে উদ্দেশ করে বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ পরে বক্তব্যটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং নানা ট্রল ও মিমে ব্যবহৃত হয়।
এদিকে একই অফিস আদেশে খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. জিয়াউর রহমানকে বিআরটিএ সদর কার্যালয়ের পরিচালক (রোড সেফটি) পদে বদলি করা হয়েছে। পাশাপাশি তাকে বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) তানভীর আহমেদকে নিজ দায়িত্বের পাশাপাশি ওই কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদের অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।