জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নির্বাচনের এ সময়সূচি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ৬ ধারা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ নম্বর নারী আসনে উপনির্বাচনের তফসিল জারি করা হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের ২৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে।
মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৭ অক্টোবর সকাল ১০টা থেকে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৮ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আপিল নিষ্পত্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ অক্টোবর, বেলা ১১টা থেকে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। এরপর ২ নভেম্বর সকাল ১০টা থেকে প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
মনোনয়নপত্র জমার শেষ দিন: ২৬ অক্টোবর
মনোনয়নপত্র যাচাই-বাছাই: ২৭ অক্টোবর
আপিল দায়ের: ২৮ অক্টোবর
আপিল নিষ্পত্তি: ২৯ অক্টোবর
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন: ১ নভেম্বর
প্রতীক বরাদ্দ: ২ নভেম্বর
ভোটগ্রহণ: ১২ নভেম্বর, সকাল ৮টা থেকে বিকেল ৪টা
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১২ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে দলীয় সিদ্ধান্তের পর গত ১ অক্টোবর জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।
এরপর সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে এবং শূন্য পদ পূরণের জন্য নির্বাচন কমিশনকে অবহিত করে। সেই প্রক্রিয়ার ধারাবাহিকতায় এবার উপনির্বাচনের তফসিল ঘোষণা করল ইসি।
মন্তব্য করুন