হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়েন ব্রাজিলের উইঙ্গার রাফিনিয়া। ডান উরুর পেছনে ব্যথা অনুভব করার পর তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
সিবিএফের বরাতে ব্রাজিলিয়ান গণমাধ্যম জানিয়েছে, রাফিনিয়ার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। এই কারণে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে তার মাঠে নামা অনিশ্চিত।
তবে তাকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে দলটি। চিকিৎসকরা দ্রুত পুনর্বাসনের মাধ্যমে তাকে আবারও ফিট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
গত এক বছরে বারবার হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন এই ব্রাজিলিয়ান তারকা। চলতি মৌসুমেই এটি তার চতুর্থ চোট। এর আগে ক্লাব পর্যায়ে এবং আন্তর্জাতিক ম্যাচেও একই ধরনের সমস্যায় একাধিকবার মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে।
সতীর্থের চোটে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাজিল শিবিরের মিডফিল্ডার লুকাস পাকেতা। তিনি জানান, রাফিনিয়া মানসিকভাবে কিছুটা হতাশ থাকলেও তারা আশা করছেন এটি গুরুতর কোনো ইনজুরি নয় এবং দ্রুতই মাঠে ফিরবেন তিনি।
রাফিনিয়ার অনুপস্থিতিতে ব্রাজিল দলে আক্রমণভাগে পরিবর্তন আনতে হতে পারে কোচিং স্টাফকে। বিকল্প হিসেবে লুইস এনরিকে বা তরুণ এন্দ্রিককে বিবেচনায় রাখা হতে পারে।
গ্রুপ ‘সি’-তে দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মরক্কো, আর ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে স্কটল্যান্ড। এখনো পয়েন্ট না পাওয়া হাইতির বিদায় নিশ্চিত হয়ে গেছে।
মন্তব্য করুন