
বগুড়ার সাতমাথা এলাকায় ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে রাদিয়াদ হুসাইন বর্ণ (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে গাবতলী উপজেলার কামারচট্ট গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার রাদিয়াদ হুসাইন বর্ণ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গাবতলী উপজেলা শাখার ছাত্রবিষয়ক সম্পাদক।
জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া মহানগরের সাতমাথা এলাকায় এক ব্যক্তিকে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে টেম্পল রোড হয়ে ফতেহ আলী বাজারের দিকে যেতে দেখা যায়।
পরে ওই ঘটনার ছবি দেখে ব্যক্তিকে শনাক্ত করার পর বুধবার ভোরে গাবতলী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে রাদিয়াদ হুসাইন বর্ণকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, বর্ণের বিরুদ্ধে অস্ত্র আইন ও বিস্ফোরকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। ২০২২ ও ২০২৪ সালে গাবতলী থানায় এবং ২০২৪ ও ২০২৫ সালে বগুড়া সদর থানায় এসব আইনে তাঁর বিরুদ্ধে মামলা হয়।
মামলার নথি অনুযায়ী, অস্ত্র আইনের দুটি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অন্যদিকে, বিস্ফোরকদ্রব্য আইনে করা দুটি মামলার তদন্তে তাঁকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় এর আগে গ্রেফতার হয়ে কারাগারেও ছিলেন তিনি।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, বুধবার ভোরে রাদিয়াদ হুসাইন বর্ণকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে জেলহাজতে পাঠানো হবে বলে জানান তিনি।