
বগুড়ায় মাদকবিরোধী অভিযান জোরদার এবং মাঠপর্যায়ে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে দুটি মোটরসাইকেল উপহার দিয়েছে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
বুধবার দুপুরে বগুড়া চেম্বার ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মোটরসাইকেল দুটির চাবি হস্তান্তর করা হয়। এ উদ্যোগের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের চলাচল আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আতিকুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান এবং চেম্বারের সহ-সভাপতি ও বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু।
অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপপরিচালক মোহা. জিল্লুর রহমানের হাতে মোটরসাইকেল দুটির চাবি তুলে দেওয়া হয়।
এ সময় স্থানীয় ব্যবসায়ী নেতারা, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সদস্য এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।