
কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে নিহত ও আহত ব্যক্তির সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
স্থানীয় সময় শনিবার (১৭ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগুইন্টি। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কানাডীয় সশস্ত্র বাহিনী স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। একই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে।
পরিস্থিতিকে ‘অত্যন্ত নাজুক’ বলে বর্ণনা করেছেন প্রতিরক্ষামন্ত্রী।
অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি ঘটনাটিকে গুরুতর পরিস্থিতিতে সৃষ্ট বড় ধরনের অগ্নিকাণ্ড হিসেবে উল্লেখ করেন।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত সাহসী নারী ও পুরুষদের জন্য তাঁর সহমর্মিতা রয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আগুনের সূত্রপাত হওয়া ‘কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইট’ দেশটির অন্যতম ব্যস্ত সামরিক প্রশিক্ষণ ঘাঁটি।
কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (সিবিসি) জানিয়েছে, এই ঘাঁটিতে সরাসরি গোলাবারুদ ব্যবহার করে সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়। স্বাভাবিক সময়ে সেখানে প্রায় ৬৯০ জন সামরিক সদস্য এবং ৩০০ জন বেসামরিক কর্মী কাজ করেন।
ওয়েনরাইট মিউনিসিপ্যাল ডিস্ট্রিক্টের তথ্য অনুযায়ী, শনিবারের অগ্নিকাণ্ড তীব্র বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুন ঘাঁটির সীমানা অতিক্রম করে বাইরের এলাকাতেও পৌঁছে যায়।
ঘটনার ভয়াবহতা তুলে ধরে প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগুইন্টি সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক অতীতে এমন ঘটনা ঘটেছে বলে তাঁর মনে পড়ে না।
ঠিক কখন আগুনের সূত্রপাত হয়েছিল, তা এখনো স্পষ্ট নয়। তবে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে কর্তৃপক্ষ প্রথম এ ঘটনা সম্পর্কে তথ্য প্রকাশ করে।
অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসন আশপাশের বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে। পাশাপাশি জরুরি সেবার যানবাহন চলাচলের সুবিধার্থে রাস্তা ফাঁকা রাখার আহ্বান জানানো হয়েছে।
আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা, হতাহতের সঠিক সংখ্যা নির্ধারণ এবং অগ্নিকাণ্ডের কারণ শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে ঘটনার বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে।