
সৌদি আরবে বিমানবন্দরে হুতি হামলার প্রেক্ষাপটে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে যাত্রীরা প্রয়োজনে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী ১৮ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি যথাসময়ে জানানো হবে।
যাত্রীদের চাহিদা বিবেচনায় মদিনা রুটে উড়োজাহাজের সক্ষমতা বাড়ানো হয়েছে। এ রুটে বোয়িং ৭৮৭-এর পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ যুক্ত করা হয়েছে। এতে প্রতিটি ফ্লাইটে আসনসংখ্যা ১৪৮টি বেড়েছে।
সৌদি আরবে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
টিকিট, ফ্লাইটের সময়সূচি ও ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।