
ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে উদ্ভাবনী শক্তি ও বিজ্ঞানচর্চার আগ্রহ বাড়াতে স্কুল ও কলেজ পর্যায়ে জাঁকজমকপূর্ণভাবে বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বৈঠকে নতুন নতুন উদ্ভাবন উৎসাহিত করার পাশাপাশি সেসব উদ্ভাবন বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার সামগ্রিক কার্যক্রম তুলে ধরা হয়।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলু ছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, এ জেড এম রেজওয়ানুল হক, আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ ফাহিম চৌধুরী, কে এম বাবর, সানসিলা জেবরিন, সালাহ উদ্দিন, মারদিয়া মমতাজ এবং আব্দুল গফুরসহ কমিটির সদস্যরা অংশ নেন।
সভাপতির স্বাগত বক্তব্যে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।