
পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের দুই ছেলে শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজ রুবেলসহ আটজনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালউদ্দিন চৌধুরীসহ সংস্থাটির সাবেক আরও কয়েকজন কর্মকর্তা রয়েছেন।
মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন। রায়ের দিন আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের জামিন বাতিল করে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এ মামলায় শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজ রুবেল ছাড়াও দণ্ডিত হয়েছেন রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালউদ্দিন চৌধুরী, সাবেক সদস্য (উন্নয়ন) এস ডি ফয়েজ, সাবেক সদস্য (পরিকল্পনা) এ কে এম ওয়াহেদুল ইসলাম, সাবেক সদস্য (অর্থ) এস এম জাফর উল্লাহ, সাবেক সদস্য (প্রশাসন ও ভূমি) এইচ এম জহুরুল হক এবং সাবেক সদস্য (এস্টেট) রেজাউল করিম তরফদার।
মামলার অভিযোগ অনুযায়ী, রাজউকের কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার করে বৈধ আবেদনকারীদের বঞ্চিত করে শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজ রুবেলের নামে পূর্বাচলে ১০ কাঠা করে দুটি প্লট বরাদ্দ দিয়েছিলেন।
দুদকের কৌঁসুলি খন্দকার শামীম হোসেন জানান, অপরাধমূলক অসদাচরণের দায়ে আট আসামিকে সাত বছর করে সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এ ছাড়া অপরাধমূলক বিশ্বাসভঙ্গের দায়েও তাদের প্রত্যেককে সাত বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ জরিমানা দিতে ব্যর্থ হলে আরও এক বছর কারাভোগের বিধান রাখা হয়েছে।
কৌঁসুলি জানান, দুই ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে। ফলে প্রত্যেক আসামিকে মোট সাত বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে।
আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু জানান, আসামিরা আগে জামিনে ছিলেন। তবে রায় ঘোষণার দিন তারা আদালতে উপস্থিত হননি। এ কারণে আদালত তাদের জামিন বাতিল করে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মামলার বিবরণে বলা হয়, ২০০১ থেকে ২০০৪ সালের মধ্যে রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার করে শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজ রুবেলের নামে পূর্বাচলে ১০ কাঠা করে দুটি প্লট বরাদ্দ দেন। এ ক্ষেত্রে বৈধ আবেদনকারীদের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়। ওই সময় রাসেল ও রুবেলের বাবা এম এ হাসেম নোয়াখালী-২ আসনের বিএনপির সংসদ সদস্য ছিলেন।
শওকত আজিজ রাসেল আম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে আশফাক আজিজ রুবেল পারটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।
এ ঘটনায় ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন উপপরিচালক সিলভিয়া ফেরদৌস মতিঝিল থানায় মামলা করেন।
তদন্ত শেষে ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর দুদকের তৎকালীন উপপরিচালক মির্জা জাহিদুল আলম আট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ২০১৯ সালের ২৬ আগস্ট আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
মামলার বিচার চলাকালে আদালত নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি ও উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার রায় ঘোষণা করা হয়।