প্রিন্ট এর তারিখঃ Oct 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 25, 2026 ইং
ইরান অধিনায়ক তারেমিকে বিমানবন্দরে আটকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ
বিশ্বকাপের মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরে নতুন বিতর্কে জড়িয়েছে ইরান ফুটবল দল। মেক্সিকোর তিজুয়ানা বিমানবন্দরে ইরান জাতীয় দলের অধিনায়ক মেহেদি তারেমি এবং সহকারী কোচ সাঈদ আলহোইকে আটকে দেওয়ার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।
ঘটনার পর ইরান ফুটবল ফেডারেশন দাবি করেছে, এটি পরিকল্পিত হয়রানি এবং দলের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টির অংশ। এই ঘটনার কারণে দলের সিয়াটলের উদ্দেশে যাত্রা বিলম্বিত হয়, যেখানে তাদের বিশ্বকাপের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে মিশরের মুখোমুখি হওয়ার কথা ছিল।
এর আগে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছিল, ইরান দলকে ম্যাচের দুই দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশে কোনো বাধা থাকবে না। তবে বিমানবন্দরে জটিলতা তৈরি হওয়ায় সেই আশ্বাস বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করছে ইরান।
ইরান ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়, পুরো দল তাদের অধিনায়ক ও সহকারী কোচের জন্য বিমানবন্দরে অপেক্ষা করছিল এবং তাদের ছাড়া কোনোভাবেই সিয়াটলের উদ্দেশে যাত্রা করেনি।
এর আগেও একই ধরনের ঘটনার মুখোমুখি হয়েছে ইরান দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর দিয়ে ফেরার সময়ও তারেমি ও আলহোইকে দীর্ঘ সময় আটকে রাখা হয়েছিল বলে দাবি করা হয়।
ফেডারেশন আরও জানায়, বিশ্বকাপের মতো বড় আসরে আয়োজক দেশের দায়িত্ব ছিল সব দলের জন্য সমান ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করা। কিন্তু বারবার এমন ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেছে।
এই ঘটনায় বিশ্বকাপের নিরাপত্তা ও আয়োজন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে, যা মাঠের বাইরের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।