
বাংলাদেশ পুলিশ আবারও তাদের ঐতিহ্যবাহী ইউনিফর্মের রঙে ফিরছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গাঢ় নীল ও হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে পুলিশের পোশাক নির্ধারণ করা হয়েছে। তবে এবার একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে সব সদস্যের প্যান্টের রঙ খাকি রাখা হয়েছে।
পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
নতুন নির্দেশনা অনুযায়ী, জেলা পুলিশসহ অন্যান্য ইউনিটের সদস্যরা গাঢ় নীল রঙের শার্ট পরবেন। অন্যদিকে দেশের সব মেট্রোপলিটন পুলিশের জন্য নির্ধারণ করা হয়েছে হালকা অলিভ বা জলপাই রঙের শার্ট। তবে ইউনিটভেদে শার্টের রঙ আলাদা হলেও সব সদস্যের প্যান্টের রঙ হবে খাকি।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এই পরিবর্তনের আওতার বাইরে থাকবে। অর্থাৎ এসব ইউনিটের বিদ্যমান ইউনিফর্মে কোনো পরিবর্তন আনা হয়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশ বাহিনীতে সংস্কারের দাবি জোরালো হয়। সেই সময় পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়টিও আলোচনায় আসে। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।
পরবর্তীতে পুলিশের সব সদস্যের জন্য আয়রন বা লোহা রঙের নতুন ইউনিফর্ম নির্ধারণ করা হয় এবং একই বছরের ২৫ নভেম্বর থেকে পুলিশ সদস্যরা সেই পোশাকে দায়িত্ব পালন শুরু করেন। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী বাহিনীটি আবারও তাদের পরিচিত রঙের ইউনিফর্মে ফিরে যাচ্ছে।