
বিশ্বকাপে ম্যাচের আগমুহূর্তে দক্ষিণ কোরিয়া দলের প্রস্তুতি ক্যাম্পের কাছে একটি ড্রোন দেখা যাওয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে চরম উদ্বেগ। ঘটনাটি ঘটেছে মেক্সিকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে, যা শুক্রবার সকালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, অনুশীলনের সময় হঠাৎ আকাশে একটি ড্রোন দেখা গেলে আতঙ্কিত হয়ে পড়েন দক্ষিণ কোরিয়ার ফুটবলাররা। পরে মেক্সিকোর সেনাবাহিনীর বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ড্রোনটি নিয়ন্ত্রণে আনা হয়।
ড্রোনটি কোথা থেকে এসেছে বা কে এটি পরিচালনা করছিল—সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং এর পেছনে কোনো গুপ্তচরবৃত্তি বা নাশকতার উদ্দেশ্য ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার কোচ হং মিউং বো বলেন, এই ঘটনা তাদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটিয়েছে। তার ভাষায়, অনুশীলনের সময় হঠাৎ আকাশে ড্রোনটি দেখা যায়, তবে সৌভাগ্যবশত তখনও তারা পূর্ণাঙ্গ অনুশীলন শুরু করেননি।
তিনি আরও বলেন, “আমাদের শিবিরের তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ড্রোন পাঠানো হয়েছিল কি না তা আমরা নিশ্চিত নই। তবে এটি খুবই দুঃখজনক একটি ঘটনা, যা আমাদের প্রস্তুতিকে কিছুটা প্রভাবিত করেছে।”
এদিকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে মেক্সিকো এবং চেক প্রজাতন্ত্রকে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। গ্রুপের শীর্ষে ওঠার লড়াইয়ের আগে এমন ড্রোন ঘটনাকে ঘিরে দুই দলের মধ্যেই নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।