প্রিন্ট এর তারিখঃ Jun 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 17, 2026 ইং
যে রেকর্ডটা বাকি ছিল, সেটাও ছুঁয়ে ফেললেন মেসি
লিওনেল মেসির ক্যারিয়ারে অর্জনের তালিকা এতটাই সমৃদ্ধ যে সেখানে নতুন কিছু যোগ করা কঠিন বলেই মনে হয়। বিশ্বকাপ শিরোপা, অসংখ্য ব্যক্তিগত রেকর্ড এবং শত শত গোলের পরও একটি অর্জন তার ঝুলিতে ছিল না—বিশ্বকাপে হ্যাটট্রিক। অবশেষে ২০২৬ বিশ্বকাপে সেই অপেক্ষার অবসান ঘটালেন আর্জেন্টাইন মহাতারকা।
কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে তিনটি গোলই করেন মেসি। ম্যাচের ১৭তম মিনিটে রদ্রিগো দি পলের পাস থেকে দূরপাল্লার দুর্দান্ত শটে গোলের সূচনা করেন তিনি। গোলরক্ষক লুকা জিদান বল স্পর্শ করলেও সেটি জালে জড়ানো ঠেকাতে পারেননি।
দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের শট গোলরক্ষকের কাছ থেকে ফিরে এলে সুযোগ কাজে লাগিয়ে বল জালে পাঠান তিনি। এরপর ম্যাচের ৭৬তম মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। এনসো ফার্নান্দেসের পাস পেয়ে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত বাঁ-পায়ের শটে পূর্ণ করেন নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক।
গোলের পর দুই হাত আকাশের দিকে তুলে উদযাপন করেন মেসি। মুহূর্তেই সতীর্থরা তাকে ঘিরে ধরেন, আর স্টেডিয়ামজুড়ে ধ্বনিত হতে থাকে ‘মেসি, মেসি’ স্লোগান। এটি ছিল তার বিশ্বকাপ ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত।
২০০৬ সালে প্রথম বিশ্বকাপ খেলার পর থেকে ছয়টি আসরে অংশ নিয়েছেন মেসি। ২০১৪ সালে দলকে ফাইনালে তুলেছিলেন, আর ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেন। বিভিন্ন বিশ্বকাপে অসংখ্য গুরুত্বপূর্ণ গোল করলেও কখনও হ্যাটট্রিকের দেখা পাননি। সেই অপূর্ণতাই পূরণ হলো আলজেরিয়ার বিপক্ষে।
৩৯ বছর বয়সের কাছাকাছি পৌঁছেও বিশ্বমঞ্চে নিজের প্রভাব অটুট রেখেছেন মেসি। তার এই হ্যাটট্রিক শুধু আর্জেন্টিনার জন্য আত্মবিশ্বাসের বার্তা নয়, বরং ফুটবল ইতিহাসে তার কিংবদন্তি অধ্যায়কে আরও সমৃদ্ধ করেছে।