
পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপে সমর্থন দেওয়ার অভিযোগ তুলে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া কোনো দেশের জন্য সিন্ধু নদের পানি বরাদ্দ করা হবে না এবং এ বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট।
শুক্রবার (১২ জুন) তেলেঙ্গানায় বিজেপি আয়োজিত এক বুদ্ধিজীবী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। রাজনাথ সিং দাবি করেন, ‘অপারেশন সিন্দুর’-এর মাধ্যমে ভারত বিশ্বকে দেখিয়েছে যে যারা শান্তির ভাষা বোঝে না, তাদের উপযুক্ত জবাব কীভাবে দিতে হয়।
তিনি গত বছরের পাহালগাম সন্ত্রাসী হামলার প্রসঙ্গ তুলে বলেন, ওই ঘটনার পর ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেয়। তার ভাষ্য অনুযায়ী, যারা ভারতের বিরুদ্ধে বৈরী কর্মকাণ্ডে জড়িত, তাদের কাছে দেশের গুরুত্বপূর্ণ সম্পদ পৌঁছাতে দেওয়া হবে না।
প্রতিরক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পূর্বের বক্তব্য—‘রক্ত ও পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না’—ভারতের বর্তমান নীতির প্রতিফলন। সেই অবস্থান থেকেই সিন্ধু নদ ব্যবস্থার পানি বণ্টন প্রশ্নে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়। দীর্ঘদিন ধরে এই চুক্তির আওতায় দুই দেশ নদী ব্যবস্থার পানি ব্যবহারের অধিকার ভোগ করে আসছে। তবে ভারত দাবি করছে, সীমান্তপারের সন্ত্রাসবাদ বন্ধ না হওয়া পর্যন্ত চুক্তি কার্যকর রাখার পরিবেশ নেই।
বক্তব্যে রাজনাথ সিং গত ১২ বছরে এনডিএ সরকারের বিভিন্ন পদক্ষেপ ও সাফল্যের কথাও তুলে ধরেন। তিনি সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল, জিএসটি চালু, নকশাল দমন, বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণ এবং বিচার ব্যবস্থার সংস্কারকে সরকারের উল্লেখযোগ্য অর্জন হিসেবে উল্লেখ করেন।
জম্মু ও কাশ্মিরের পরিস্থিতির পরিবর্তনের বিষয়েও তিনি কথা বলেন। তার দাবি, একসময় সন্ত্রাসবাদে আক্রান্ত অঞ্চল হিসেবে পরিচিত কাশ্মির এখন পর্যটন, বিনিয়োগ এবং কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করছে। পাশাপাশি সেখানে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।