
বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা খেল ঘানা। কানাডা সরকারের পক্ষ থেকে ভিসা আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় দলের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার থমাস পার্টে উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে পারবেন না। ফলে পানামার বিপক্ষে প্রথম ম্যাচে অভিজ্ঞ এই ফুটবলারকে ছাড়াই খেলতে হবে আফ্রিকান প্রতিনিধিদের।
আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, ৩২ বছর বয়সী পার্টে বর্তমানে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের স্মিথফিল্ডে ঘানা দলের ক্যাম্পে অবস্থান করলেও কানাডার টরন্টোতে অনুষ্ঠিতব্য প্রথম ম্যাচে অংশ নিতে পারবেন না। কারণ কানাডা সরকার তার ভিসা আবেদন অনুমোদন করেনি।
ফিফা তাদের বিবৃতিতে স্পষ্ট করেছে যে, কোনো দেশের ভিসা বা অভিবাসন সংক্রান্ত সিদ্ধান্তে সংস্থাটির কোনো ভূমিকা নেই। ভিসা অনুমোদন বা প্রত্যাখ্যানের বিষয়টি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট দেশের সরকারের এখতিয়ারভুক্ত।
এদিকে কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ জানিয়েছে, প্রতিটি ভিসা আবেদন পৃথকভাবে মূল্যায়ন করা হয় এবং বিদ্যমান আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্বকাপের মতো আন্তর্জাতিক আয়োজনের ক্ষেত্রেও অভিবাসন নীতিতে কোনো ব্যতিক্রম করা হয় না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
ভিসা জটিলতার কারণে পানামার বিপক্ষে প্রথম ম্যাচে অনুপস্থিত থাকলেও ঘানার পরবর্তী দুই গ্রুপ ম্যাচে পার্টের খেলার সম্ভাবনা রয়েছে। আগামী ২৩ জুন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে ইংল্যান্ডের বিপক্ষে এবং ২৭ জুন ফিলাডেলফিয়ায় ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যেতে পারে বলে জানা গেছে।
থমাস পার্টের বিরুদ্ধে যুক্তরাজ্যে একাধিক ধর্ষণ অভিযোগের মামলার বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগগুলো তার ইংলিশ ক্লাব আর্সেনালে খেলার সময়কার বলে জানা গেছে। মামলার বিচার আগামী নভেম্বর বা তার পরবর্তী সময়ে শুরু হতে পারে। তবে পার্টে সব অভিযোগ অস্বীকার করে আসছেন।
বর্তমানে স্পেনের ক্লাব ভিয়ারিয়ালে খেলছেন এই ঘানিয়ান মিডফিল্ডার। আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘদিন ধরে ঘানার অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়ে আসছেন তিনি। তার অনুপস্থিতি দলের প্রথম ম্যাচের কৌশল ও মাঝমাঠের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
অন্যদিকে, আন্তর্জাতিক ফুটবলে একই ধরনের আইনি জটিলতায় আলোচনায় রয়েছেন মরক্কোর ডিফেন্ডার আশরাফ হাকিমিও। তার বিরুদ্ধেও ফ্রান্সে একটি মামলার বিচার প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, ঘানা বিশ্বকাপের ইতিহাসে আফ্রিকার অন্যতম সফল দলগুলোর একটি। এখন পর্যন্ত ছয়টি আসরের মধ্যে পাঁচবার বিশ্বকাপে অংশ নিয়ে ধারাবাহিক উপস্থিতি বজায় রেখেছে দেশটি। এবারও গ্রুপ পর্বে ভালো ফলের লক্ষ্য নিয়েই মাঠে নামছে ব্ল্যাক স্টার্সরা।