
বেনাপোলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও তার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৩ জুন) দুপুর আনুমানিক ১টার দিকে বেনাপোল চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা যায়, বেনাপোল সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথে বেনাপোল চেকপোস্ট মোড়ে পৌঁছালে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি লক্ষ্য করে উত্তেজিত জনতা ডিম নিক্ষেপ করে। একই সময় গাড়িতে হামলা চালানো হলে একটি গ্লাস ভেঙে যায়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েল। তিনি জানান, হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্নবসহ আরও একজন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সীমান্ত এলাকায় ‘পুশইন’ ঘটনার প্রতিবাদে কর্মসূচি শেষে ফেরার সময় এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই দ্রুত নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের নেতারা সেখান থেকে যশোরের উদ্দেশে রওনা হন।
তবে দলীয় পক্ষ থেকে জানানো হয়েছে, গাড়িতে থাকা এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ অন্যান্য নেতারা অক্ষত রয়েছেন।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, এ ধরনের হামলার বিষয়ে থানায় কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগেও ২২ মে ঝিনাইদহে একটি কর্মসূচির সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় অন্তত ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।